• 11 May, 2026
  • 0 Comment(s)
  • 5 view(s)
  • APDR

বিষয়: ১১ মে ২০২৬, মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা দাবি সনদ



প্রতি 
মাননীয় মুখ্যমন্ত্রী, 
পশ্চিমবঙ্গ সরকার,
কলকাতা।


বিষয়: দাবি সনদ


 সম্মানীয় মহাশয়, 

দীর্ঘ বছর ধরে পশ্চিমবঙ্গের জেলগুলিতে কল্পনা মাইতি, কানাই হাঁসদা, সব‍্যসাচী গোস্বামী, জয়িতা দাস, রাজেশ মুন্ডা, নারায়ণ মাহাতো, প্রতীক ভৌমিক সহ
প্রায় ৪০ জনের অধিক রাজনৈতিক বন্দি আটক হয়ে আছে। ক্রমশ তাঁরা মরণাপন্ন হয়ে পড়ছে। প্রয়োজনীয় খাবার, চিকিৎসা, বইপত্র প্রায় কিছুই তাঁরা পায় না।  শুধুমাত্র এক জেল থেকে অপর জেলে পাঠানো হয়। অনেকেই ১৪ বছরের উপর জেলবন্দি হয়ে আছেন। কিছু রাজনৈতিক বন্দিকে মাঝে মাঝেই আসামে নিয়ে যাওয়া হয়।  দীর্ঘ বছর ধরে জেলে কাটাতে কাটাতে অনেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে  পড়েছেন।  আমরা এই সমস্ত রাজনৈতিক বন্দির নিঃশর্ত মুক্তি চাই।
সিঙ্গুর নন্দীগ্রাম লালগড় সহ বিভিন্ন  আন্দোলনের অংশীদার বহু রাজনৈতিক বন্দি জামিনে মুক্তি পেলেও তাঁদের মামলাগুলি প্রত্যাহার করা হয়নি। ফলে মামলা চালাতে চালাতে গোটা পরিবার গভীর আর্থিক সঙ্কটে নিমজ্জিত হয়ে পড়েছে। আমরা দাবি জানাচ্ছি,  রাজ্য সরকার  অবিলম্বে  এইসব মামলাগুলি প্রত্যাহার করে নিক।
মালদার মোথাবাড়িতে এসআইআর বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার জন্য আইনজীবী মোফাক্কেরুল ইসলাম ও সাংবাদিক আক্রামুল বাগানি সহ বহু নিরপরাধ সাধারণ মানুষকে জেল বন্দি করে রাখা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি,  এদের প্রত্যেককে অবিলম্বে মুক্তি দেওয়া হোক।

SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) করে বাংলার লক্ষ লক্ষ জনগণকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হলো। বেছে বেছে বাদ দেওয়া হল মুসলমান, হিন্দু উদ্বাস্তু দলিত ও মহিলাদের৷  এরা প্রায় সকলেই শ্রমজীবী জনসাধারণ। নির্বাচনে এদের কাউকেই অংশগ্রহণ করতে দেওয়া হলো না। আমাদের আশঙ্কা আসাম মডেল অনুযায়ী এরা প্রায় সকলেই বেনাগরিক হতে চলেছেন। অবিলম্বে এই সমস্ত ডিলিটেড নাগরিকদের ভোটার লিস্টে যুক্ত করতে হবে। 
প্রসঙ্গত, ডিলিটেড নাগরিকদের আবেদন বিচারের জন্য শুধুমাত্র কলকাতায়  ট্রাইবুনাল করা হয়েছে।  দূরদূরান্তের নাগরিকরদের পক্ষে এটা গভীর সমস্যার। এস আই আর বাতিলের দাবি মিমাংসা সাপেক্ষে আমরা দাবি জানাচ্ছি, বিভিন্ন জেলা সদরে ট্রাইবুনাল অফিসগুলি স্থানান্তর করা হোক। এবং লক্ষ লক্ষ আবেদনের দ্রুত মিমাংসার জন্য ট্রাইবুনালের সংখ্যা আরও অনেক বাড়ানো হোক।

নির্বাচন পরবর্তী রাজনৈতিক ও সাম্প্রদায়িক হিংসা আমাদের রাজ্যে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একটা সন্ত্রাসের বাতাবরণ গোটা রাজ্যে ক্রমশ ছড়িয়ে পড়ছে। আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে ভিন্ন রাজনৈতিক দলের অফিস ও কর্মীরা। একই সঙ্গে মুসলমান জনসাধারণকে লক্ষবস্তু করা হচ্ছে।  বিজেপির পতাকা সামনে রেখে বুলডোজার দিয়ে দরিদ্র মুসলমানদের দোকান ভাঙ্গা হচ্ছে, লুঠতরাজ চালানো হচ্ছে। এই আক্রমণের হাত থেকে বাদ যায়নি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। কমিউনিস্ট রাজনৈতিক ব্যক্তিত্ব লেনিনের মুর্তিও ভাঙ্গা হয়েছে। নির্বাচন পরবর্তী এই সমস্ত রাজনৈতিক ও সাম্প্রদায়িক হিংসার আমরা অবসান চাই। রাজ্য সরকার দ্রুত এই বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ নিক।

আমাদের দাবি: 

১. পশ্চিমবঙ্গের জেলে থাকা সমস্ত রাজনৈতিক বন্দীর নিঃশর্ত মুক্তি চাই। 
ইতিমধ্যে জামিনে মুক্ত রাজনৈতিক বন্দিদের মামলাগুলি প্রত্যাহার করা হোক।
২. মোফাক্কেরুল ইসলাম ও আকরামুল বাগানি সহ SIR বিরোধী আন্দোলনে জেলবন্দি সকল প্রতিবাদীকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। 
৩. SIR বাতিল করে SIR লিস্ট থেকে ডিলিটেড লক্ষ লক্ষ নাগরিককে অবিলম্বে ভোটার লিস্টে যুক্ত করতে হবে। বাংলার কোন অধিবাসীর নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে না।
৪) ডিলিটেডদের আবেদনের বিচারের জন্য ট্রাইবুনালের সংখ্যা বাড়াতে হবে এবং ট্রাইবুনালের অফিস কলকাতা থেকে  জেলা সদরে স্থানান্তরিত করতে হবে। 
৪. অবিলম্বে ভোট পরবর্তী রাজনৈতিক ও সাম্প্রদায়িক হিংসা বন্ধ করতে হবে।

ধন্যবাদান্তে, 

আলতাফ আহমেদ 
সাধারণ সম্পাদক 
APDR

১১ - ০৫ - ২০২৬


Eternal Vigilance is the Price of Liberty
All Rights Reserved APDR
About us | Contact Us