- 16 April, 2026
- 0 Comment(s)
- 6 view(s)
- APDR
প্রেস বিজ্ঞপ্তিঃ ১৬ এপ্রিল ২০২৬ - ১৪ এপ্রিল ২০২৬ ছত্তিশগড়ে বেদান্ত গ্রুপের পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণে ১৭ জন শ্রমিকের মৃত্যুর প্রতিবাদ
Association for Protection of Democratic Rights( APDR)
18 Madan Baral Lane,
Kolkata :700012
প্রেস বিজ্ঞপ্তিঃ
গত ১৪ এপ্রিল ছত্তিশগড়ের শক্তি জেলার একটি গ্রাম সিঙ্গিতরাইতে অবস্থিত বেদান্ত গ্রুপের অ্যাথেনা পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণের ফলে আগুন লেগে ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়, ৪০ জন হতাহতের খবর পাওয়া যাচ্ছে যারা এখন চিকিৎসাধীন।এখানে ১০০০ এর বেশি শ্রমিক কর্মরত ছিল।
এই ঘটনায় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সহায় মৃতদের ৫ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ ঘোষনা করেছেন। যদিও এটা মোটেই যথেষ্ট ক্ষতিপূরণ নয়। অভিযোগ উঠেছে, এই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত বা প্রকৃত কারণ অনুসন্ধানের কোনো চেষ্টাই বিজেপি শাসিত রাজ্য সরকার করছে না। শিল্পায়নের নামে শিল্পপতিরা শ্রমিকদের জীবন নিয়ে খেলা করছে দিনের পর দিন এবং তাকে ধামা চাপা দিচ্ছে সরকার। ছত্তিশগড়েই গত ২২ শে জানুয়ারি ভাঁটাপাড়া জেলার বাকুলাহি গ্রামে রিয়েল ইস্পাত ও পাওয়ার কারখানার খিলানে বিস্ফোরণের ঘটনায় ৬ জন শ্রমিক মারা যায় এবং ৫ জন আহত হয়। এর আগে ২০২৪ সালের ১ আগষ্ট আদানি গ্রুপের ACC জামুল সিমেন্ট প্ল্যান্টে মহম্মদ আবিদ খান নামে এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয় প্ল্যান্টের মধ্যে কর্মরত অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে।ঐ প্ল্যান্টে একই বছরে প্ল্যান্টের এক ইউনিট হেডের হত্যার মতন ঘটনা ঘটে প্ল্যান্টের মধ্যে।এই ঘটনাগুলো নিয়ে কোনও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া তো দূরের কথা সরকার ও শিল্পপতিরা মিলে এই ঘটনাগুলো ধামাচাপা দেয়। উল্টে আমরা দেখছি এই সব ঘটনা কমানোর জন্য স্থায়ী শ্রমিক নিয়োগের বদলে ঠিকাদারদের দ্বারা শ্রমিক নিয়োগ বাড়ানো হচ্ছে ছত্তিশগড়ের বিভিন্ন প্ল্যান্টে। ইঞ্জিনিয়ারের সংখ্যাও কমানো হচ্ছে।কিছু ইঞ্জিনিয়ার ও অফিসিয়াল স্টাফ এবং বাকিটা ঠিকা শ্রমিক দিয়েই প্ল্যান্ট চালানো হচ্ছে।যা দিয়ে শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি ধ্বংসের চেষ্টা চলছে। সর্বপরি ছত্তিশগড়ের বিভিন্ন বড় বড় প্ল্যান্টের সদর দফতর গুরগাঁও,দিল্লি,মুম্বাই ও আমেদাবাদ হবার ফলে সেখানকার ঠিকাদাররাই ছত্তিশগড়ের বিভিন্ন প্ল্যান্টে শ্রমিক দেওয়ার বরাত পাচ্ছে।এতে করে ছত্তিশগড়ী জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাঁদের মধ্যে বেকারত্ব বাড়ছে।
ছত্তিশগড়ের বিভিন্ন শিল্পাঞ্চলে বেশিরভাগ কারখানায় শ্রমিক সুরক্ষার অবস্থা তথৈবচ।নঠিকা শ্রমিকরা বাইরে থেকে বেশিরভাগ আসায় তারা শুধুমাত্র নিজেদের কম বেতন মেনে নিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে।সুরক্ষার দাবী টুকু তুললে চাকরি যাবার শঙ্কায় তারা জীবন হাতে নিয়ে প্রতিদিন কাজে যেতে বাধ্য হয়।সরকার শিল্পপতিদের সেবায় এতোই মশগুল যে শ্রমিকদের জীবনের মূল্য তাদের কাছে নেই।
তাই আমরা সমস্ত বিষয় বিবেচনা করে দাবী জানাই:
১) মৃত শ্রমিকদের যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং পরিবারের একজনকে স্থায়ী চাকরি দিতে হবে।আহতদেরও উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা কর্মক্ষমতা হারাবে তাদের ক্ষতিপূরণের সাথে আমৃত্যু পেনশানের ব্যবস্থা করতে হবে।
২) বেদান্তার অগ্নিকান্ডের বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং দোষিদের সাজা দিতে হবে।
৩) ছত্তিশগড়ের কলকারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষায় আইন তৈরি করতে হবে।
৪) ঠিকা শ্রমিকদের স্থায়ী কর্মী বানাতে হবে এবং পিএফ, ইএসআই এর যাবতীয় সুরক্ষা নিশ্চিত করতে হবে।
৫) ছত্তিশগড়ে শ্রমিক নিয়োগের প্রশ্নে কর্পোরেট অফিস যেখানেই থাক, ছত্তিশগড়ের শ্রমিকদের অগ্রাধিকার দিতে হবে।
ধন্যবাদ সহ
আলতাফ আমেদ
সাধারণ সম্পাদক
গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (APDR)
১৬/৪/২৬