- 18 June, 2026
- 0 Comment(s)
- 18 view(s)
- APDR
প্রেস বিবৃতি: ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী ছাত্র, গবেষক ও গণ-আন্দোলনের কর্মীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA এর তল্লাশি অভিযানের বিরোধিতা করুন।
প্রেস বিবৃতি:
ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী ছাত্র, গবেষক ও গণ-আন্দোলনের কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA এর তল্লাশি অভিযানের বিরোধিতা করুন।
আজ ১৮ ই জুন, ২০২৬ ভোর সাড়ে চারটে থেকে কলকাতা বিভিন্ন ছাত্র ও গণ আন্দোলনের কর্মীর বাড়িতে জাতীয় তদন্তকারী সংস্থা NIA তল্লাশি অভিযান চালায়। এছাড়াও নদীয়াতে একজন কৃষক আন্দোলনের নেতৃত্বের কর্মক্ষেত্রে NIA যায় জিজ্ঞাসাবাদের জন্য। এপিডিআর এই তল্লাশি অভিযানের তীব্র বিরোধিতা করছে। রাজ্যে বিজেপি সরকার আসার পর বিরুদ্ধ সমস্ত রাজনৈতিক মতামতকে দমন করার উদ্দেশ্যেই এই তল্লাশি অভিযান। মত প্রকাশের অধিকারের ওপর এই আক্রমণ সম্পূর্ণভাবে অসাংবিধানিক।
ভোর সাড়ে চারটের সময় তদন্তকারী সংস্থা প্রথমে যায় ছাত্রসংগঠন বিপ্লবী ছাত্র ফ্রন্টের সম্পাদক তথাগত রায় চৌধুরীর বাড়িতে। ভোর সাড়ে চারটের সময় সূর্যের আলো ফোটে না। কার্যত অন্ধকারের মধ্যে এই তল্লাশি অভিযানের আমরা চরম বিরোধিতা করছি। তথাগতর বাড়ি থেকে বিভিন্ন ছাত্র সংগঠনের পত্রপত্রিকা NIA বাজেয়াপ্ত করে। তথাগতের বিরুদ্ধে UAPA সহ বিভিন্ন ধারায় কেস দিয়ে আগামী ২৪ তারিখ ঝাড়খণ্ডের রাঁচিতে NIA অফিসে উপস্থিত হওয়ার জন্য সমন দেয়। এরপর আসে এসআইআর এনআরসি বিরোধী গণ আন্দোলনের কর্মী ও পেশায় গবেষক ঝিলম রায়ের বাড়িতে। এখানেও রাতের অন্ধকারে সাড়ে চারটের সময় একজন মহিলা গবেষকের বাড়িতে NIA তল্লাশি অভিযান চালায়। এখানেও ঝিলমের বাড়ি থেকে বিভিন্ন জাতীয় ও রাজ্য স্তরের বাজার চলতি পত্রপত্রিকা ও বই বাজেয়াপ্ত করে। ২০২২ সালে করা একটি কেসের প্রসঙ্গে আলোচনার জন্য ঝাড়খন্ডে ঝিলমকে ডেকে পাঠানোর কথা বলে NIA বেরিয়ে আসে। এরপর আসে কৃষক ও গণ-আন্দোলনের কর্মী সুকুমার কয়ালের কর্মক্ষেত্র অর্থাৎ বিদ্যালয়ে। পেশায় সুকুমার কয়াল একজন শিক্ষক। এখানে বিদ্যালয়ের মধ্যেই সুকুমার কয়ালকে জিজ্ঞাসাবাদ করে NIA। যে কোন পেশায় কর্মক্ষেত্র অত্যন্ত সম্মানের জায়গা, বিশেষভাবে সেই কর্মক্ষেত্র যদি বিদ্যালয় হয়। সেখানে NIA গিয়ে জিজ্ঞাসাবাদের নামে কর্মক্ষেত্রে একজন পুরনো বিদগ্ধ শিক্ষককে অসম্মান করা অত্যন্ত বিরল ঘটনা। সরকারের প্রতিহিংসা মূলক চিন্তা না থাকলে এই ধরনের ঘটনা ঘটে না। গত রাজ্য সরকারের আমলে দু'বছর আগেও দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন করে NIA গবেষক, মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক কর্মী ও গণ-আন্দোলনের কর্মীর বাড়িতে এই ধরনের তল্লাশি অভিযান চালায়। তখনও ২০২২ এর একটা পুরনো কেসের প্রসঙ্গ সামনে রেখে এই তল্লাশি অভিযান চালানো হয়।
আমরা মানবাধিকার সংগঠন এপিডিআরের পক্ষ থেকে এই ধরনের কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি দিয়ে ভোর রাত্রে তল্লাশি অভিযান চালিয়ে ভিন্নমতকে দমন করার, সন্ত্রস্ত করার পদ্ধতিকে ধিক্কার জানাচ্ছি। জিজ্ঞাসাবাদের নামে একজন শিক্ষককে তার কর্মক্ষেত্র বিদ্যালয়ে অসম্মান করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আমাদের দাবি:
১) তথাগত রায় চৌধুরী, ঝিলম রায় ও সুকুমার কয়ালের ওপর থেকে NIA এর দেওয়া যেকোনো মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
২) কেন্দ্র ও রাজ্য সরকারের কেন্দ্রীয় অনুসন্ধানকারী এজেন্সি দিয়ে ভিন্ন রাজনৈতিক মত ও ভিন্নমত পোষণকারীদের ওপর রাতের অন্ধকারে গুন্ডাবাহিনীর মতো তল্লাশি অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে।
৩) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA বাতিল করতে হবে।
ধন্যবাদ সহ
আলতাফ আহমেদ
সাধারণ সম্পাদক
গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (APDR)
১৮|৬|২০২৬
