- 18 July, 2026
- 0 Comment(s)
- 8 view(s)
- APDR
প্রেস বিবৃতি: ১৭ জুলাই ২০২৬ : গণতান্ত্রিক অধিকার রক্ষা আন্দোলনের দীর্ঘদিনের অগ্রণী কর্মী নীলাঞ্জন দত্ত-র চিরবিদায়
প্রেস বিবৃতি: ১৭ জুলাই ২০২৬, গণতান্ত্রিক অধিকার রক্ষা আন্দোলনের দীর্ঘদিনের অগ্রণী কর্মী নীলাঞ্জন দত্ত-র চিরবিদায়
পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার রক্ষা আন্দোলনের দীর্ঘদিনের অগ্রণী কর্মী নীলাঞ্জন দত্ত ১৮ জুলাই ২০২৬ চিরবিদায় নিলেন।
গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)-এর প্রতিষ্ঠার দিনগুলির নানা টানাপোড়েন পেরিয়ে গত শতকের নয়ের দশক থেকে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই এক জটিল আবর্তে প্রবেশ করেছিল। একই সঙ্গে সমিতির প্রতিষ্ঠার সময়ের নেতৃত্বের তখন অবসর নেওয়ার কাল। সেই সন্ধিক্ষণে, গণতান্ত্রিক অধিকার রক্ষার সমিতির যে নতুন বৌদ্ধিক এবং সাংগঠনিক নেতৃত্ব তৈরি হয়েছিল, যাঁরা গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে একই সঙ্গে ধারাবাহিকতা এবং নতুন চিন্তা আনার লক্ষ্যে এগিয়ে এসেছিলেন, নীলাঞ্জন দত্ত তাঁদের অন্যতম।
পেশায় সাংবাদিক, নীলাঞ্জন দত্ত সমিতির নানা প্রকাশনায় তখন থেকেই তাঁর চিন্তা এবং লিখনশৈলীর পরিচয় রেখেছেন।
গত শতকের নয়ের দশক থেকে প্রায় ৩৫ বছর তিনি গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির সম্পাদকমণ্ডলীর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এই দীর্ঘসময়ে মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকারের নানা জটিল এবং সংকটদীর্ণ ঘটনাবলীতে সমিতির ব্যতিক্রমী অবস্থান গ্রহণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ব্যক্তিগতভাবে কখনও মতের দিক থেকে ছিলেন সংখ্যালঘু, কিন্তু সে অবস্থান ছিল চিন্তালব্ধ এবং প্রত্যয়ী।
নীলাঞ্জন দত্তর প্রয়াণ গণতান্ত্রিক অধিকার রক্ষা আন্দোলনের কর্মীদের কাছে অপূরণীয় ক্ষতি। দেশে এবং রাজ্যে গণতান্ত্রিক অধিকারের সাম্প্রতিক সংকটকালে তাঁর অনুপস্থিতি অধিকার আন্দোলনের কর্মীদের বিষণ্ণ করবে।
গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি, নীলাঞ্জন দত্তর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে এবং এবং কর্মে এবং মননে তাঁর দক্ষতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।
ধন্যবাদান্তে
আলতাফ আহমেদ
সাধারণ সম্পাদক
গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)
১৮-০৭-২০২৬