- 19 October, 2026
- 0 Comment(s)
- 14 view(s)
- APDR
প্রেস বিবৃতি: 19.10.2026 - রাজ্যজুড়ে বইয়ের স্টলে হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ান।
প্রেস বিবৃতি: রাজ্যজুড়ে বইয়ের স্টলে হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ান।
গত ১৭ই অক্টোবর রাত তিনটের সময় যাদবপুর ৮বি-তে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও কেএমসি কর্মীরা মিলে সম্পূর্ণ বেআইনিভাবে ভেঙে দিল APDR-এর যাদবপুর-বাঘাযতীন শাখার বুকস্টল। ঐদিন সন্ধ্যা থেকেই বুকস্টল ভাঙার জন্য পুলিশ ও বিশাল কেন্দ্রীয় বাহিনী যাদবপুর ৮ বি বাসস্ট্যান্ডে জড়ো হতে থাকে। বুকস্টল ভাঙার জন্য বুলডোজার নিয়ে আসা হয়। প্রথমে সিপিআই(এম) পার্টির বুকস্টল ভাঙতে যায়। কিন্তু সমবেত প্রতিরোধে পিছু হটে। তারপর রাত তিনটের সময় লোকজন কমে এলে যাদবপুর ৮বি-তে প্রথমে SUCI এবং পরে APDR-এর বুকস্টল বলপ্রয়োগ করে ভেঙে দেয়। কর্পোরেশন ট্যাক্সের কাগজপত্র এবং পুলিশকে দেওয়া ইন্টিমেশন থাকা সত্ত্বেও কোনওরকম আইনি নোটিশ ছাড়াই এই ভাঙচুর চালানো হয়েছে। কেএমসির কর্মীরা পরিচয়পত্র ছাড়া বিজেপির গুন্ডাদের মতো স্টলে ঢুকে ছুরি-চাকু নিয়ে ভাঙচুর চালিয়েছে।সঙ্গে ছিল বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
প্রশাসনের এই বর্বরোচিত আচরণকে আমরা তীব্র ধিক্কার জানাই। পুলিশের লাঠিচার্জে বহু সাথী আহত হয়েছেন। কেন্দ্রীয় বাহিনী, পুলিশ ও কেএমসির কর্মীদের মধ্যে অধিকাংশই পুরুষ হওয়ার ফলে স্টল বাঁচাতে সামিল বহু মহিলা সাথী তাঁদের শারীরিক আক্রমণের শিকার হয়েছেন।
অপরদিকে ডায়মন্ড হারবারে এপিডিআর ডায়মন্ড হারবার শাখার বইয়ের স্টলে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের গুন্ডারা স্টল বন্ধ করার হুমকি দেয়। অশ্রাব্য গালাগাল দিতে দিতে এপিডিআর এর ব্যানার ছিড়তে থাকে। প্রতিবাদ করলে মারমুখী হুমকি দিতে থাকে।
এছাড়াও সারা রাজ্য জুড়ে সিপিআই(এম), এসইউসিআই, সিপিআই (এমএল) লিবারেশন, নিউ ডেমোক্রেসি' র বিভিন্ন বুকস্টলে হামলা চালানো হয়। ভেঙে দেওয়া হয়। বই রাস্তায় ফেলে লাথি মারা হয়। পুকুরে ফেলে দেওয়া হয়। যাদবপুরে বই তুলে নিয়ে যাওয়ার জন্য পৌরসভার ময়লা ফেলার গাড়ি নিয়ে আসা হয়।
তবে যাদবপুরে পার্টি কর্মী ও সমর্থকদের প্রতিরোধে সিপিআই(এম) দলের স্টল অটুট আছে। গতকাল বিকেলেই যাদবপুরে এপিডিআর এর স্টল একই জায়গায় আবার তৈরি করা হয়েছে। বহু মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে স্টলে এসে রাষ্ট্রীয় গুন্ডামির প্রতিবাদ জানিয়েছেন। স্টল ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে যাদবপুরে নাগরিক মিছিল ও সভা হয়। ডায়মন্ড হারবারেও একই জায়গায় বিশ্ব হিন্দু পরিষদের গুন্ডাদের হুমকিকে অগ্রাহ্য করে রাত পর্যন্ত এপিডিআর এর বুকস্টল চলে।
গায়ের জোরে, হুমকি দিয়ে, পুলিশ দিয়ে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে বুকস্টল ভেঙে দেওয়া হল সভ্যতার সংকট। বিজেপি-আরএসএস পরিচালিত রাজ্য সরকার এই সংকট তৈরি করছে। তারা যুক্তি, বুদ্ধি, বিজ্ঞান, ইতিহাস কিছুরই তোয়াক্কা করে না। সভ্যতার এই সংকটে জনসাধারণের ঐক্যবদ্ধ প্রতিবাদ প্রতিরোধই গণতান্ত্রিক অধিকার রক্ষা ও সম্প্রসারণের একমাত্র ঐতিহাসিক গতি। বিজেপি -আরএসএস পরিচালিত এই রাজ্য সরকারকে স্মরণ করানো দরকার যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। এটাই বিজ্ঞান।
ধন্যবাদান্তে,
আলতাফ আহমেদ
সাধারণ সম্পাদক
এপিডিআর।
১৯-১০-২০২৬
