• 16 April, 2026
  • 0 Comment(s)
  • 9 view(s)
  • APDR

প্রেস বিজ্ঞপ্তি : ১৫ এপ্রিল ২০২৬ - নয়ডা ও গাজিয়াবাদে ন্যায্য দাবীতে আন্দোলনরত শ্রমিকদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হোন। 



Association for Protection of Democratic  Rights( APDR)
18 Madan Baral Lane,
Kolkata :700012
        
প্রেস বিজ্ঞপ্তি 

নয়ডা ও গাজিয়াবাদে ন্যায্য দাবীতে আন্দোলনরত শ্রমিকদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হোন। 

আন্দোলনরত শ্রমিকদের পাশে দাঁড়ান।

গত তিন মাস ধরে পানিপতের IOCL রিফাইনারি, NTPC, আদানি পাওয়ার, টাটা স্টিল, জিন্দাল স্টিল সহ নয়টি রাজ্যের দুই ডজনেরও বেশি কারখানায় শ্রমিক আন্দোলন চলছে । ২'রা এপ্রিল থেকে IMT মানেসরের শিল্পাঞ্চলে ধর্মঘট শুরু হয়। রান্নার গ্যাসের দাম মাত্রাতিরিক্ত বৃদ্ধিই  ছিল এই মূহুর্তের মূল ইন্ধন। হোন্ডা, মুঞ্জাল শোওয়া, সত্যম অটো, রূপ পলিমার্স, রিচিকো গ্লোবাল, মডেলামা এক্সপোর্টস, রিকো, সুপ্রজিৎ ইঞ্জিনিয়ারিং, সিরমা এসজিএস ,  একের পর এক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে রাস্তায় নামেন। তাঁদের দাবি স্পষ্ট:  মজুরি বৃদ্ধি, ৮ ঘণ্টার কর্মদিবস, ওভারটাইমে দ্বিগুণ মজুরি এবং নিরাপদ কাজের পরিবেশ।  সেন্টার ফর স্ট্রাগেলিং ট্রেড ইউনিয়ন (CSTU)-র দাবি করে,  ১৯৫৭ সালের শ্রম সম্মেলন এবং ১৯৯২ সালের সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে ন্যূনতম মজুরি হওয়া উচিত মাসে ৩০ হাজার টাকা। কিন্তু অধিকাংশ  শ্রমিক এর অর্ধেকও পায় না।

৮ এপ্রিল ২০২৬, প্রায় সাত হাজার ঠিকা শ্রমিক একসঙ্গে ধর্মঘটে নামেন। গুরগাঁও জেলা প্রশাসন IMT মানেসরে BNSS-এর ধারা ১৬৩ জারি করে, যাতে পাঁচজনের বেশি জমায়েত না করা যায়। ৯ এপ্রিল রাত থেকে তার পরদিন সকালে শ্রমিকরা কাজে ফেরেননি — বরং কারখানার গেটের বাইরে জমায়েত হন। বেপরোয়া লাঠি চালায় পুলিশ। ২২ জন শ্রমিক আহত হন। ৪৫ জনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে ১৭ জন মহিলা শ্রমিক। রিচিকো গ্লোবালের শ্রমিকদের বিরুদ্ধে আনা হয়েছে অগ্নিসংযোগ, হত্যার চেষ্টা, দাঙ্গা ও ষড়যন্ত্রের মতো গুরুতর ধারা।
মানেসরের বেলসোনিকা এমপ্লয়িজ ইউনিয়নের নেতা অজিত সিংকে ৭ এপ্রিল রাত সাড়ে দশটায় দিল্লি পুলিশ তুলে নিয়ে যায়, পরের দিন সকালে ছেড়ে দেয়। তারপর গুরগাঁওয়ে লেবার কাউন্সিলের অফিসে মিটিং শেষ করে বেরিয়ে তিনি নিখোঁজ। নয়ডার CITU নেতা রামশরৎ এবং গঙ্গেশ্বরকে গৃহবন্দী করে রাখা হয়েছে। গৃহবন্দী করা হয়েছে  ফরিদাবাদের ক্রান্তিকারি মজদুর মোর্চার সত্যবীর সিংকেও। CASR জানাচ্ছে, প্রতিবাদস্থল থেকে এবং বাড়ি থেকে তুলে নিয়ে পুলিশ স্টেশনে জোর করে নথিতে সই করানো হচ্ছে শ্রমিক প্রতিনিধিদের। শ্রমিক নেতা বেচা প্রসাদ সিং এভাবেই এক বছরের ওপর UAPA তে বন্দী।
হরিয়ানার মানেসর থেকে বিদ্রোহের আগুন সরাসরি উত্তরপ্রদেশে ছড়িয়ে পড়েছে। নয়ডার ফেজ ২ এবং সেক্টর ৫৯ থেকে ৬৩ জুড়ে শ্রমিক বিক্ষোভে শহর কার্যত স্তব্ধ। চিল্লা বর্ডার, DND ফ্লাইওয়ে এবং দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়েতে ঘণ্টার পর ঘণ্টা যানজট। রাষ্ট্রীয় দমনের বিরুদ্ধে ১২ এপ্রিল ২০২৬, কালায়াতের সিমলা গ্রামে 'বিগুল মজদুর দস্তা' এবং 'মনরেগা' শ্রমিক ইউনিয়ন যৌথ প্রতিবাদ সভা করে গুরগাঁও, মানেসর, ফরিদাবাদ এবং নয়ডায়। সভা থেকে আটজন গ্রেফতার হন। আইনজীবী প্রতীক কুমার এবং মহম্মদ তনভীর আলি তাঁদের সাহায্য করতে গিয়েছিলেন। সুরজপুর কোর্ট থেকে তাঁদেরও গ্রেফতার করা হয়েছে। 
এপিডিআর শ্রমিকদের এই ন্যায়সঙ্গত দাবিকে গভীর ভাবে সমর্থন করছে। অবিলম্বে শ্রমিকদের আইনানুগ মজুরি প্রদানের দাবি জানাচ্ছে। একই সঙ্গে কর্মস্থলে নিরাপত্তা সহ অন্যান্য শর্তাবলীও উন্নত করতে হবে।  ইতিমধ্যেই হরিয়ানা ও উত্তর প্রদেশ সরকার যে বাড়তি মজুরি ঘোষণা করেছে তা নিয়ে শ্রমিকদের মতামতের গুরুত্ব দিয়ে আলোচনায় বসে মীমাংসা করতে হবে। ধৃত শ্রমিকদের নি:শর্ত মুক্তি দিতে হবে। সমস্ত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষার লড়াইয়ে পুলিশি দমন পীড়নের অবিলম্বে বন্ধ করতে হবে। পুলিশি নিপীড়নের জন্য দায়ীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।


ধন্যবাদ সহ            
আলতাফ আমেদ      
সাধারণ সম্পাদক       
গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (APDR)

 ১৫/৪/২০২৬


Eternal Vigilance is the Price of Liberty
All Rights Reserved APDR
About us | Contact Us